Homeজাতীয়দেশে ফিরতে চাইলে শেখ হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারেন: তথ্য উপদেষ্টা

দেশে ফিরতে চাইলে শেখ হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারেন: তথ্য উপদেষ্টা

পাসপোর্টের বিষয়ে আইনি প্রতিষ্ঠানের চিঠিকে কৌশল হিসেবে দেখছেন জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিনিধি:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণের জন্য নিজেই আবেদন করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাঠানোর ঘটনাকে সম্ভাব্য কৌশল হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের অনেকেই কথা বলেছেন। তবে এ ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ এসেছে। সেখানে বিষয়টির সঙ্গে আইনি জটিলতা থাকার কথা বলা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চাইলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি হবে।

তবে তাঁর বক্তব্য, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে নিজেই প্রত্যর্পণের আবেদন করতে পারেন। তাঁর ভাষায়, ‘তিনি তো নিজেই আসতে চান। তাহলে তাঁর আদালতে যাওয়ার দরকার নেই। তিনি বলবেন, আমাকে প্রত্যর্পণ করে দাও। তাঁর তো এসে বিচারের মুখোমুখি হওয়ার কথা।’

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি কোনো পক্ষের কৌশলও হতে পারে। তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগের দিন জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

তবে শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি বলে জানান তথ্য উপদেষ্টা। এ বিষয়ে আবেদন করা হলে সরকারের অবস্থান ইতোমধ্যে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments