বিশেষ প্রতিনিধি:
সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তী সময়ে অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের প্রার্থনা জানানো হয়। তবে আদালত অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন। ওই নির্দেশনার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাকে আদেশের আওতার বাইরে রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।
এরপর বিভিন্ন ইটভাটার মালিক আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও ওই আপিলগুলো খারিজ হয় বলে আদালতে জানানো হয়।
আইনজীবীরা জানান, বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির (HRPB) পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে আগের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা অপসারণের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। আদালত আগের নির্দেশনাগুলো অনুসারে দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। একই সঙ্গে ১৪ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলেন।



