Homeখেলা‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে মুখ খুলছেন কামিন্স, অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ঝড়

‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে মুখ খুলছেন কামিন্স, অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ঝড়

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে খাজার অভিযোগের জবাব দেবেন অধিনায়ক; কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সমর্থন

স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনীতে করা অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। তবে অভিযোগগুলোর পুরো বিষয়টি বুঝে নিয়ে যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে কিছুটা সময় নিয়েছেন তিনি।

গত সপ্তাহে আত্মজীবনী প্রকাশের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খাজা আট বছর আগের সেই বিতর্ক নতুন করে সামনে আনেন। এরপর থেকেই এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কামিন্সের বক্তব্য জানার চাপ বাড়ছে।

আত্মজীবনীতে খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তন এবং সুইং আদায়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। তাঁর দাবি, তৎকালীন অধিনায়ক কামিন্সও বিষয়টি জানতেন। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, এ পরিকল্পনা সম্পর্কে কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট জানতেন। ঘটনার পর তিনজনকে অসম্মানজনকভাবে দেশে ফেরত পাঠানো হয় এবং পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

২০২১ সালে কামিন্স এবং দলের অন্য তিন বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে বলেছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না।

ঘরোয়া শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শুরুর আগে শুক্রবার নিজের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন কামিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। উজির অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’

বুধবার এ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্টার্কও। সাংবাদিকদের তিনি বলেন, ‘অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি। মাঠে কী ঘটেছে, তা আমরা জানতাম না।’

স্টার্ক আরও বলেন, মাঠে বল নিয়ে কিছু করা হচ্ছে—এ বিষয়ে তাঁরা অবগত ছিলেন না। এ পর্যন্তই বলতে চান তিনি।

এদিকে খাজার অভিযোগ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি স্মিথ ও ব্যানক্রফট। তবে বিতর্কের মধ্যেও কামিন্সের অধিনায়কত্ব ও চাকরি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে আশ্বস্ত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন।

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বুন বলেন, ‘আমরা প্যাটকে পুরোপুরি সমর্থন করি।’ তাঁর মতে, দলের উচিত অতীতের বিতর্কে আটকে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া।

খাজার বক্তব্য প্রসঙ্গে বুন বলেন, উসমানের দৃষ্টিভঙ্গি এবং সে সময়ের ঘটনা সম্পর্কে তাঁর স্মৃতিকে সম্মান করেন তিনি। তবে ‘একজনের বক্তব্যের বিপরীতে আরেকজনের বক্তব্য’—এমন বিতর্কে জড়াতে চান না।

বুন আরও বলেন, কিছু সমর্থক খাজার সঙ্গে একমত হবেন, আবার এমন খেলোয়াড়ও থাকবেন, যাঁদের স্মৃতি একই রকম নয়। তাই এ বিতর্কে জড়ানোর কোনো উদ্দেশ্য তাঁর নেই।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments