নিজস্ব প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় না ফেলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগে ব্যয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে বাড়তি ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন প্রয়োজন।”
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগে ব্যয় করতে হবে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ পুনর্বিন্যাস বা মওকুফের মতো বিশেষ সুবিধা চালুর প্রস্তাব দেন তিনি।
এ ছাড়া পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও তুলে ধরেন তারেক রহমান। এ উদ্যোগের মূল ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের কথা উল্লেখ করেন তিনি।
বক্তব্যে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে রয়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে সরকার। পাশাপাশি পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে।
উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসা প্রয়োজন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থে।
প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতি গুলোকে বাস্তবে রূপ দিই। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।”
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটননগরী আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া ১১ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করছেন দেশটির পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, সম্মেলনের আলোচনাপর্বে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি।



