আন্তর্জাতিক ডেস্ক:
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের সামরিক সক্ষমতা জোরদার করতে দেশটিতে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানিয়েছেন।
ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে প্রায় দুই সপ্তাহ আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষামূলক সহায়তা পাঠানোর একটি প্রস্তাব পার্লামেন্টে পাঠান। পর্যালোচনা শেষে পার্লামেন্টের সদস্যরা এতে অনুমোদন দিয়েছেন।
বদর আবদেলাত্তি জানান, সৌদি সেনাবাহিনীকে সহযোগিতা করতে মিসরের কয়েকজন সামরিক কর্মকর্তা আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন। নতুন করে সেনা মোতায়েনের ফলে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সৌদি বাহিনী আরও সহায়তা পাবে।
সাক্ষাৎকারে তিনি বলেন, “সৌদি আরবের ভাই-বোনদের অনুরোধে আমাদের সামরিক উপস্থিতি সেখানে রয়েছে এবং আমরা তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।”
মক্কা ও মদিনাসহ সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও এই সেনা মোতায়েন সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে মিসরের কয়েকজন আইনপ্রণেতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হলেও এর আকার বা পরিধি সম্পর্কে তাঁদের বিস্তারিত কিছু জানানো হয়নি।
সৌদি সরকার দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করে আসছে। তবে হুথি গোষ্ঠী এসব অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছিলেন হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি।
তবে ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সেনা মোতায়েনের উদ্দেশ্য সৌদি আরবের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো; কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করা নয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর



