সম্পাদকীয়:
দেশে শিশুদের মধ্যে হাম ও ডেঙ্গুর একসঙ্গে বিস্তার ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। চলতি বছরের শুরুতে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর তথ্য উদ্বেগজনক। এর সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ যুক্ত হওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, একই সময়ে একাধিক সংক্রমণে আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। ফলে মস্তিষ্কে প্রদাহ, তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো গুরুতর জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে।
চট্টগ্রামে মাত্র দুই দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকে হারানো এক দম্পতির মর্মান্তিক ঘটনা এই সংকটের ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে। প্রতিটি শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রের জন্যও এটি কেবল পরিসংখ্যানের বিষয় হতে পারে না। শিশুদের জীবন রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মতো চিকিৎসা এবং স্বাস্থ্য বিভাগের জবাবদিহি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।
হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। কার্যকর টিকাদান কর্মসূচির মাধ্যমে এ রোগের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। অথচ সাম্প্রতিক প্রাদুর্ভাব দেশের নিয়মিত টিকাদান কার্যক্রমের দুর্বলতা সামনে নিয়ে এসেছে। বিশেষ করে দুর্গম অঞ্চল, দরিদ্র জনগোষ্ঠী ও প্রান্তিক এলাকায় টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করে দ্রুত টিকাদান নিশ্চিত করা জরুরি। শুধু কর্মসূচি ঘোষণা করলেই চলবে না, প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছেছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা ও পরামর্শ যথাসময়ে গুরুত্ব পেলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো কি না, সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। টিকাদান কর্মসূচিতে কোথায় ঘাটতি ছিল, কোন পর্যায়ে নজরদারি ব্যর্থ হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কী পদক্ষেপ নিয়েছে, এসব বিষয় নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
অন্যদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণেও দীর্ঘদিনের অবহেলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম কেবল বর্ষা বা ডেঙ্গুর মৌসুমে সীমাবদ্ধ রাখলে চলবে না। বছরজুড়ে নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান, কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও নির্মাণাধীন ভবন, সব জায়গায় মশার প্রজননস্থল নির্মূলের উদ্যোগ প্রয়োজন।
এই সংকট আরও একটি বিষয় সামনে এনেছে, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার চেয়ে হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসার ওপর বেশি নির্ভরশীল। কিন্তু সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ শনাক্তকরণ, টিকাদান, নজরদারি এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসার সক্ষমতা শক্তিশালী করা অপরিহার্য। হাসপাতালগুলোতে শিশুদের জন্য পর্যাপ্ত শয্যা, প্রশিক্ষিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নেওয়ার কথা বলেছেন। এটি দায়িত্বশীলতার একটি ইতিবাচক প্রকাশ হতে পারে। তবে শুধু দায় স্বীকারের বক্তব্য যথেষ্ট নয়। স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা কোথায়, টিকাদান কার্যক্রমে কী ধরনের ঘাটতি রয়েছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি, এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রয়োজন।
শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের জীবন রক্ষায় কোনো ধরনের প্রশাসনিক গাফিলতি, সমন্বয়হীনতা কিংবা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হাম প্রতিরোধে জরুরি টিকাদান, ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী কার্যক্রম, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য বিভাগের জবাবদিহি, এই চারটি ক্ষেত্রে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শিশুদের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। প্রতিটি শিশুর জীবন রক্ষায় রাষ্ট্রকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এই সংকট আরও গভীর হতে পারে। শিশুদের বাঁচাতেই হবে।



