বিনোদন প্রতিনিধি:
অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে-বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন চলছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এত দিন প্রকাশ্যে কিছু বলেননি তিনি। সম্প্রতি এক আয়োজনে নতুন সম্পর্কের প্রসঙ্গ উঠলে সরাসরি কোনো ব্যক্তির কথা না বলে ‘লিলি’র সঙ্গে নিজের ভালোবাসার সম্পর্কের কথা জানান এই অভিনেত্রী। তবে বিচ্ছেদ নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
সাবিলা বলেন, “নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।”
গত বছর থেকে বড় পর্দায় নিয়মিত হওয়ার পথে রয়েছেন সাবিলা। তাঁর প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী ছিলেন শাকিব খান। এরপর নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন তিনি। গল্প ভালো লাগায় সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন বলে জানান অভিনেত্রী। তাঁর কাছে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে নিয়মিত কাজ করার চেয়ে গল্পের গুরুত্ব বেশি।
‘কানাভুলা প্যারাডক্স’-এ আবারও শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন। বিশেষ করে হরর সিনেমার প্রতি তাঁর আগ্রহ রয়েছে। সম্প্রতি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’।
ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী সাবিলার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। বর্তমানে জন স্টেইনবেকের উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবার পড়ছেন তিনি। উপন্যাসটি অবলম্বনে নতুন সিনেমা নির্মিত হচ্ছে। বই ও পর্দার গল্পের পার্থক্য বুঝতেই উপন্যাসটি নতুন করে পড়ছেন বলে জানান অভিনেত্রী।
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও আপাতত ছোট পর্দায় অনিয়মিত সাবিলা। দুই বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন না তিনি। তবে নাটক থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।



