Homeবিবিধনগরগোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য হতাশাজনক: জামায়াত আমির

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য হতাশাজনক: জামায়াত আমির

জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দ্রুত পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো এলাকায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা সম্পর্কে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাব্যঞ্জক। জাতি দেখতে চায়, ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে থাকবে না।

তিনি বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাঁর সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।

তিনি বলেন, সংসদে তাঁদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে তাঁরা ভূমিকা রাখবেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাঁদের অবস্থান অটুট থাকবে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এসব সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। সংসদে এসব নোটিশের জবাব না পেলে জনগণের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরতে হবে।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় নির্বাহী পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments