Homeবিবিধআইন আদালতআদালত প্রাঙ্গণের ঘটনায় পরীমনি: ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো...

আদালত প্রাঙ্গণের ঘটনায় পরীমনি: ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে’

নিজস্ব প্রতিনিধি:

৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বাদানুবাদের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, ছয় বছর ধরে আদালতে যাতায়াত করলেও কারও সঙ্গে দুর্ব্যবহার করেছেন—এমন অভিযোগ কেউ করতে পারবেন না। ওই দিনের ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। বনানী থানায় তাঁর বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি।

মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও আদালত পরিবর্তনের কারণে তা হয়নি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’

পরে ৫ নভেম্বরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন সাংবাদিক তাঁকে স্পর্শ করছেন কেন—এমন প্রশ্ন করলে ওই ব্যক্তি নিজের পরিচয়পত্র দেখিয়ে সাংবাদিক বলে পরিচয় দেন। তখন উত্তেজিত মুহূর্তে তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’

৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে আদালতের এজলাসে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছিলেন।

রবিউল হোসাইন পরীমনির অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, পরীমনি তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছিলেন; ঘটনাটি ভিডিওতেও রয়েছে। এ ঘটনায় ৮ নভেম্বর পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments