Homeজাতীয়তিন জেলায় নিরাপত্তায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

তিন জেলায় নিরাপত্তায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গোপালগঞ্জে ৮, গাজীপুরে ৬ ও নারায়ণগঞ্জে ৪ প্লাটুন দায়িত্ব পালন করছে

নিজস্ব প্রতিনিধি:

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় দেশের তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের জানমালের সুরক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।

বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তাঁরা নির্ধারিত স্থানে অবস্থান করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন, যাতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে।

সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করছেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনাও দেওয়া হচ্ছে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সদস্যরা সতর্ক রয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments