নিজস্ব প্রতিনিধি:
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ অভিযানে অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করছে।
জামায়াত আমির বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে তারা দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী সব পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনী জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে পারে।
বিবৃতির শেষাংশে তিনি বাংলাদেশের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন।



