আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্যের ধারাবাহিকতায় এবার ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাংবাদিকদের সামনে অর্জুন সিং বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশের বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে তিনি প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তাঁর ভাষায়, বাংলাদেশের ঘটনায় জবাব দেওয়া প্রয়োজন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ২৩ নভেম্বর কলকাতায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত বর্তমানে কঠোর নিরাপত্তার আওতায় রয়েছে। তবে পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন বলে উল্লেখ করেন তিনি।
শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয়সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও উদ্বেগ রয়েছে। কারণ এসব রাজ্যের অনেক বাসিন্দার আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন।
তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলে জানান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস।



