নিজস্ব প্রতিনিধি:
আকাশে একঝাঁক পাখিকে সারিবদ্ধভাবে উড়তে দেখলে অনেকেরই চোখ আটকে যায়। বিশেষ করে পরিযায়ী পাখিদের একটি বড় অংশকে ইংরেজি ‘V’ অক্ষরের মতো আকৃতিতে উড়তে দেখা যায়। কিন্তু পাখিরা কেন এমন বিশেষ বিন্যাসে দল বেঁধে আকাশে ওড়ে? এর পেছনে রয়েছে শক্তি সাশ্রয়, বায়ুপ্রবাহের সুবিধা এবং পারস্পরিক সমন্বয়ের বৈজ্ঞানিক কৌশল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় শক্তি বাঁচাতেই মূলত পাখিরা ‘ভি’ আকৃতিতে উড়ে থাকে। এই বিন্যাসে সামনের পাখিটির ডানা ঝাপটানোর ফলে পেছনের দিকে বিশেষ ধরনের বায়ুপ্রবাহ তৈরি হয়। পেছনে থাকা পাখিরা সেই বায়ুপ্রবাহের সুবিধা কাজে লাগিয়ে তুলনামূলক কম শক্তি ব্যয় করে উড়তে পারে।
বৈজ্ঞানিকভাবে এই প্রক্রিয়াকে ‘আপওয়াশ’ বা ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহের সুবিধা বলা হয়। সামনের পাখির ডানার প্রান্তে তৈরি হওয়া এই বায়ুপ্রবাহ পেছনের ও এক পাশে থাকা পাখিকে বাতাসে ভেসে থাকতে সহায়তা করে। ফলে প্রতিটি পাখিকে এককভাবে বাতাসের বাধা মোকাবিলা করতে হয় না। এতে দীর্ঘ সময় ধরে উড়তে এবং অনেক দূরের গন্তব্যে পৌঁছাতে সুবিধা হয়।
‘ভি’ আকৃতির এই বিন্যাসে প্রতিটি পাখি সাধারণত সামনের পাখিটির সামান্য পেছনে ও এক পাশে অবস্থান করে। এতে তারা সামনের পাখির ডানার তৈরি অনুকূল বায়ুপ্রবাহ ব্যবহার করতে পারে। পুরো দলটি এভাবে ছন্দ ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যায়।
তবে পাখিদের এই উড়ার কৌশলে শুধু শক্তি সাশ্রয়ই নয়, নেতৃত্ব ভাগাভাগির বিষয়টিও গুরুত্বপূর্ণ। দলের একেবারে সামনের পাখিটিকে বাতাসের বাধা সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয়। ফলে অন্যদের তুলনায় তার বেশি শক্তি ব্যয় হয় এবং দ্রুত ক্লান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ কারণে অনেক প্রজাতির পাখি পালাক্রমে নেতৃত্বের দায়িত্ব পালন করে। সামনের পাখিটি কিছুক্ষণ উড়ার পর পেছনে সরে যায় এবং অন্য একটি পাখি সামনের অবস্থান নেয়। এভাবে দলের সদস্যদের মধ্যে পরিশ্রমের ভার ভাগ হয়ে যায়।
পাখিদের এই দলবদ্ধ উড্ডয়ন প্রকৃতিতে সহযোগিতা ও সমন্বয়ের এক অনন্য উদাহরণ। একে অন্যের তৈরি অনুকূল বায়ুপ্রবাহ কাজে লাগানো এবং নেতৃত্বের দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে তারা দীর্ঘ পরিযায়ী যাত্রা সম্পন্ন করতে সক্ষম হয়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।



