Homeখেলাব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকায় ১১ ফুটবলার, শীর্ষে ইনিয়েস্তা

ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকায় ১১ ফুটবলার, শীর্ষে ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক:

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি নিজের ভোটে কোন কোন ফুটবলারকে এগিয়ে রেখেছিলেন, তা প্রকাশ করেছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফির ভোটে মোট ১১ জন ফুটবলার মেসির পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন। এ তালিকায় চারজনই আর্জেন্টিনার ফুটবলার। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। সে সময় জাতীয় দলের অধিনায়কেরা এই পুরস্কারের ভোটার ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা তরুণ ফুটবলারকে দেওয়া কোপা ট্রফির ভোটেও অংশ নেন তিনি।

মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাঁদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। অন্যদিকে আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো ব্যালন ডি’অরের ভোটে জায়গা পেলেও গারনাচোকে মেসি পছন্দের তালিকায় রেখেছেন কোপা ট্রফিতে।

তবে মেসির ভোটে সবচেয়ে ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের প্রতিটি আসরেই তাঁকে ভোট দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্যে ২০১২ ও ২০১৩ সালে ইনিয়েস্তাকে প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন তিনি। সাবেক আরেক বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেজও একাধিকবার মেসির ভোট পেয়েছেন।

২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বিশেষভাবে আলোচিত। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত ওই আসরে প্রথম ভোটটি আনহেল দি মারিয়াকে দেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে হাভিয়ের মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফিতেও মেসির পছন্দের তালিকায় কয়েকজন তরুণ তারকার নাম বারবার এসেছে। ২০২৬ সালের ভোটে তাঁর প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। দ্বিতীয় স্থানে ছিলেন পাউ কুবারসি এবং তৃতীয় স্থানে ইব্রাহিম মাজা। ওই আসরে ইয়ামাল ৯৬-৯৪ ভোটের ব্যবধানে কুবারসিকে হারিয়ে পুরস্কার জেতেন।

ব্যালন ডি’অরে মেসির ভোট

  • ২০১১: জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও আগুয়েরো।
  • ২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও সার্জিও আগুয়েরো।
  • ২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও নেইমার।
  • ২০১৪: আনহেল দি মারিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা ও হাভিয়ের মাশ্চেরানো।
  • ২০১৫: লুইস সুয়ারেজ, নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা।

কোপা ট্রফিতে মেসির ভোট

  • ২০২১: পেদ্রি, নুনো মেন্দেস ও জুড বেলিংহ্যাম।
  • ২০২২: গাভি, নুনো মেন্দেস ও জুড বেলিংহ্যাম।
  • ২০২৩: জামাল মুসিয়ালা, পেদ্রি ও জুড বেলিংহ্যাম।
  • ২০২৪: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও আলেহান্দ্রো গারনাচো।
  • ২০২৫: লামিনে ইয়ামাল, দেজিরে দুয়ে ও পাউ কুবারসি।
  • ২০২৬: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও ইব্রাহিম মাজা।

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments