Homeবিবিধআইন আদালতআইজিপিসহ আট কর্মকর্তাকে আদালত অবমাননার আইনি নোটিশ

আইজিপিসহ আট কর্মকর্তাকে আদালত অবমাননার আইনি নোটিশ

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তি মালিকানাধীন গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ; ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট কর্মকর্তাকে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের একটি টয়োটা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৯ অক্টোবর করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন। এর নম্বর ১৬৮৯৯/২০২৬।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।

একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতার কারণে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়। তবে রিট আবেদনকারীর অভিযোগ, এখনো গাড়িটি ফেরত দেওয়া হয়নি।

আইনি নোটিশে গাড়িটি কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্রে আটক রাখা হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি কোন আইনের কোন ধারা, উপধারা বা বিধি অনুসারে গাড়িটি আটকে রাখা হয়েছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপিও চাওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।

এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আদালতের নির্দেশিত সময়সীমার মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং আইনানুগ শাস্তির আদেশ চাওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments