Homeজাতীয়রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান

রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, রান্না শুধু একটি শিল্প নয়; এটি একই সঙ্গে ভাষা, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। এর মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। রান্নার মধ্য দিয়ে মানুষ নিজের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটায়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে। বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে রান্না নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে রান্নাকে অনন্য করে তোলার পরামর্শও দেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর, নিরাপদ ও সুস্বাদু খাবার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান ব্যবহার করে স্বাস্থ্যসম্মত রান্নার চর্চা বাড়াতে হবে।

জুবাইদা রহমানের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ দীর্ঘমেয়াদি অপুষ্টিতে ভুগছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্কুলের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অপুষ্টি দূর করা এবং আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। এ ছাড়া উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম, তৃতীয় ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রথম স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার, চতুর্থ স্থান অর্জনকারীকে ১৫ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। প্রত্যেক বিজয়ীকে সম্মাননা সনদও প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments