জ্যেষ্ঠ প্রতিনিধি:
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায় দাঁড়িয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। বৃহস্পতিবার এ দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।



