তানভীর রায়হান:
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এ রায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনের পথ এখনই সুগম করছে না। নাগরিকত্ব ও জাতিগত স্বীকৃতির অভাব, নিরাপত্তার নিশ্চয়তা না থাকা, রাখাইনে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ, সব মিলিয়ে প্রত্যাবাসন এখনো অনিশ্চিত।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও নির্যাতনের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেও বিভিন্ন সময়ে নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
বিশেষজ্ঞদের মতে, আইসিজের রায় রোহিঙ্গাদের নৈতিক ও আইনি অবস্থান শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক যুক্তিকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু রায় বাস্তবায়নের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা, চীন ও রাশিয়ার অবস্থান এবং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বড় বিবেচ্য বিষয়। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন কার্যকর করা কঠিন।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মনে করেন, আইসিজের রায় বাংলাদেশের জন্য নৈতিক বিজয় হলেও তা বাস্তবায়নে বহুমুখী উদ্যোগ প্রয়োজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক মুক্ত আলোচনা সভায় তিনি বলেন, রায় কার্যকর করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, মিয়ানমার ও রাখাইনে ক্ষমতাসীন শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্য জরুরি। রোহিঙ্গা সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, রায়টির কিছু বিষয় জটিল। মিয়ানমারকে দায়ী করা হলেও এ দায় দেশটির বর্তমান সরকার, নাকি অতীতের সরকারের ওপর বর্তাবে, তা স্পষ্ট নয়। রায় বাস্তবায়নের দায়িত্ব কার ওপর পড়বে, সেটিও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
সরকার রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ২০ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাম্বিয়া চাইলে ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে পারে। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীজনের সঙ্গে কাজ করবে।
তিনি জানান, ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এ জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন। তবে প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, তা নিশ্চিত করাই জরুরি।
একই দিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে এক সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আদালতের রায় কাগজে-কলমে সীমাবদ্ধ রাখা যাবে না।
তিনি বলেন, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ। কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের আগে নিরাপত্তা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
অভিবাসন ও শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনাকে নৈতিক ও আইনি ভিত্তি দিলেও এখনই তা বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হয়নি। রায়ে গণহত্যা ও নিপীড়নের বিষয়টি স্বীকৃতি পেয়েছে; তবে সরাসরি প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়নি। ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, সেটিও আদালত পরবর্তী সময়ে নির্ধারণ করবে।
তার মতে, সবচেয়ে বড় সমস্যা হলো মিয়ানমার এখনো রোহিঙ্গাদের নাগরিক বা দেশটির বাসিন্দা হিসেবে স্বীকার করেনি। পাশাপাশি তাদের ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশও নেই। রোহিঙ্গাদের আগের বসতভিটার অনেক জায়গায় বাড়িঘর ধ্বংস করে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে ফিরে গিয়ে তারা কোথায় বসবাস করবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আসিফ মুনীর বলেন, মিয়ানমারে এখনো যেসব রোহিঙ্গা রয়েছেন, তাদের অনেকেই ক্যাম্পের মতো জায়গায় বন্দিজীবন কাটাচ্ছেন। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে আবারও নিপীড়নের শিকার হতে হবে না, এ নিশ্চয়তা প্রয়োজন। রোহিঙ্গারা শুধু দেশে ফিরতে চান না; তারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরতে চান।
তিনি মনে করেন, সংকটটি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান করা সম্ভব নয়। আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ, পরিকল্পনা ও প্রস্তুতি জোরদার করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের আশ্বাস দিয়ে রোহিঙ্গাদের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি না করে নীরবে কার্যকর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও এর ফলে মিয়ানমারকে তাৎক্ষণিকভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করা কঠিন। আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা প্রয়োজন। কিন্তু চীন ও রাশিয়ার অবস্থানের কারণে মিয়ানমারের ওপর কার্যকর চাপ তৈরিতে সীমাবদ্ধতা রয়েছে।
তার মতে, রায়টি বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানের আইনি প্রতিফলন ঘটিয়েছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগ নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে যে বক্তব্য দিয়ে আসছে, তা আরও শক্তিশালী হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধ বাঙালি হিসেবে পরিচয় দেওয়া এবং তাদের নাগরিকত্ব ও জাতিগত পরিচয় অস্বীকারের প্রচারণাও আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জের মুখে পড়বে।
ভূ-রাজনৈতিক ও ইতিহাসবিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের নৈতিক শক্তি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সহানুভূতি জোরদার করেছে। তবে তাদের বাংলাদেশে পালিয়ে আসার পেছনে থাকা মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি।
তার মতে, রোহিঙ্গাদের প্রধান সমস্যা তিনটি, মিয়ানমারে জাতিগত স্বীকৃতির অভাব, নাগরিকত্ব না থাকা এবং দেশটির জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে তাদের ‘বাঙালি’ হিসেবে বিবেচনা করার প্রবণতা। এসব বিষয়ে এখনো পরিবর্তন আসেনি।
আলতাফ পারভেজ আরও বলেন, ২০১৭ সালে যেসব এলাকা থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, সেসব এলাকার অনেক অংশ এখন মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই; সেখানে আরাকান আর্মির প্রভাব রয়েছে। ফলে মিয়ানমার সরকার চাইলেও এককভাবে প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না। রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, জাতিগত ও ধর্মীয় বৈরিতাও পরিস্থিতিকে জটিল করে রেখেছে।
তিনি মনে করেন, আরাকান আর্মিসহ রাখাইনের প্রভাবশালী পক্ষগুলোকে আলোচনায় আনা এবং রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ, রোহিঙ্গা প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর এ ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের অভিমত, আইসিজের রায় প্রত্যাবাসনের বাস্তব পথ তৈরি না করলেও রোহিঙ্গাদের পক্ষে নৈতিক ও কূটনৈতিক অবস্থান শক্তিশালী করেছে। এখন সেই সুযোগ কাজে লাগাতে আন্তর্জাতিক জনমত তৈরি, প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং রাখাইনে নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



