Homeবিবিধমতামতইরান পরমাণু বোমা বানানো প্রায় ছেড়েই দিয়েছে, ট্রাম্প জানলেন কীভাবে?

ইরান পরমাণু বোমা বানানো প্রায় ছেড়েই দিয়েছে, ট্রাম্প জানলেন কীভাবে?

তানভীর রায়হান:

ইরান পরমাণু বোমা বানানোর পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে, এমন সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুখবর অবশ্য কার জন্য, সেটা নিয়ে একটু সংশয় আছে। ইরানের জন্য হলে তো ভালোই। যুক্তরাষ্ট্রের জন্য হলে আরও ভালো। আর বিশ্ববাসীর জন্য হলে তো কথাই নেই। কিন্তু ছোট্ট একটি সমস্যা, ইরান নিজে বিষয়টি সম্পর্কে ঠিক কতটা অবগত, সেটাই এখন বড় প্রশ্ন!

কারণ তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি যে, ‘আমরা বসে বসে অনেক ভেবেছি, পরমাণু বোমা বানানোর পরিকল্পনা বাদ দিয়েছি।’ বরং ইরানের বক্তব্য বরাবরই, তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং সেটি চালিয়ে যাবে।

তাহলে ট্রাম্প জানলেন কীভাবে?

এই প্রশ্নের উত্তর হয়তো আন্তর্জাতিক রাজনীতির সেই পুরোনো সূত্রেই লুকিয়ে আছে, কোনো কোনো খবর সংশ্লিষ্ট ব্যক্তি জানার আগেই অন্য কেউ জেনে যায়!

ট্রাম্প অবশ্য সাংবাদিকদের সামনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনাই প্রায় ছেড়ে দিয়েছে। তাঁর কথায় মনে হলো, তেহরানের গোপন বৈঠকের কোনো এক কোণে হয়তো বসে ছিলেন তিনি নিজেই। ইরানের নেতারা যখন বলছিলেন, ‘বোমা বানাব কি না?’ তখন হয়তো ওয়াশিংটন থেকে উত্তর এসেছিল, ‘না না, আর বানাতে হবে না। আমরা খবর পেয়েছি, আপনারা প্রায় ছেড়েই দিয়েছেন!’

আন্তর্জাতিক রাজনীতিতে অবশ্য এমন আত্মবিশ্বাস নতুন কিছু নয়।

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ বহুদিনের। তাদের দাবি, তেহরান পরমাণু কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ইরান সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। তাদের বক্তব্য, পরমাণু প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য বেসামরিক কাজে ব্যবহারের জন্য।

এখানেই গল্পটা বেশ মজার।

এক পক্ষ বলছে, ‘বোমা বানাচ্ছ না তো?’

অন্য পক্ষ বলছে, ‘না।’

প্রথম পক্ষ বলছে, ‘আমরা কিন্তু তোমাকে বিশ্বাস করছি না।’

দ্বিতীয় পক্ষ বলছে, ‘বিশ্বাস না করলে আমাদের কী করার আছে?’

তারপর শুরু হয় নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, আলোচনা, বৈঠক, হুমকি, পাল্টা হুমকি। কখনো চুক্তি হয়, কখনো চুক্তি ভেঙে যায়। আবার আলোচনা শুরু হয়। আর পৃথিবীর সাধারণ মানুষ ভাবতে থাকে, শেষ পর্যন্ত বোমাটা কোথায়?

এই দীর্ঘ নাটকের মধ্যে এবার ট্রাম্প এসে জানিয়ে দিলেন, ইরান প্রায় বোমা বানানো ছেড়েই দিয়েছে। অর্থাৎ নাটকের শেষ দৃশ্যও যেন তিনি আগেই বলে দিলেন।

তবে ট্রাম্পের বক্তব্যে শুধু পরমাণু বোমা ছিল না; ছিল তেলের দামও। তিনি দাবি করেছেন, তেলের দাম কমছে এবং আগের প্রশাসনের সময়ের তুলনায় এখন দাম কম।

এখানেও আন্তর্জাতিক রাজনীতির হিসাব বেশ চমৎকার। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে তেলের বাজার নিয়ে স্বস্তি। মনে হচ্ছে, পৃথিবীর রাজনীতিতে কখনো কখনো পরমাণু বোমা আর ব্যারেল তেল একই টেবিলে বসে আলোচনা করে, ‘কে বেশি গুরুত্বপূর্ণ?’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি বলেছেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানোর প্রস্তাবও তিনি দিয়েছেন।

অর্থাৎ ইরানের অবস্থান মোটামুটি পরিষ্কার, পরমাণু অস্ত্র নয়, তবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিও বন্ধ নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করে।

দুই পক্ষের বক্তব্য শুনলে মনে হয়, দুজনেই আসলে একই কথা বলছে। একজন বলছে, ‘আমি বোমা বানাচ্ছি না।’ আর অন্যজন বলছে, ‘তুমি যেন বোমা বানাতে না পারো।’ কিন্তু সমস্যা হচ্ছে, কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করছে না।

আর আন্তর্জাতিক রাজনীতিতে অবিশ্বাসের চেয়ে দামি জিনিস খুব কমই আছে। কারণ অবিশ্বাস থাকলে গোয়েন্দা সংস্থা ব্যস্ত থাকে, কূটনীতিকরা ব্যস্ত থাকেন, সেনাবাহিনী প্রস্তুত থাকে, সংবাদমাধ্যম ব্যস্ত থাকে, শুধু সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে না।

তবে ট্রাম্পের ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, তিনি বলছেন, ইরান প্রায় ছেড়েই দিয়েছে। ‘প্রায়’ শব্দটিই এখানে আসল নায়ক। কারণ ‘পুরোপুরি ছেড়ে দিয়েছে’ বলা হয়নি। আবার ‘ছাড়েনি’ও বলা হয়নি। অর্থাৎ দরজাটা পুরোপুরি বন্ধও নয়, খোলাও নয়। আন্তর্জাতিক কূটনীতির জন্য এর চেয়ে সুবিধাজনক শব্দ আর কী হতে পারে!

বাস্তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা সত্যিই ছেড়ে দিয়েছে কি না, সেটি শেষ পর্যন্ত কথায় নয়, তথ্য-প্রমাণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমেই বোঝা যাবে। কোনো রাষ্ট্রপ্রধানের বক্তব্য একাই সেই সত্যের চূড়ান্ত প্রমাণ হতে পারে না।

তাই আপাতত প্রশ্নটা থেকেই যাক, ইরান যদি সত্যিই পরমাণু বোমা বানানো প্রায় ছেড়েই দিয়ে থাকে, তাহলে এই খবরটা ইরান জানল কবে?

আর যদি তেহরানও এখনো খবরটি না জেনে থাকে, তাহলে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় রসিকতাটি সম্ভবত সেখানেই!

পরমাণু বোমা বানানোর খবর যেমন ভয়ংকর, তেমনি বোমা বানাচ্ছে না, এই খবরটিও কম গুরুত্বপূর্ণ নয়। পার্থক্য শুধু একটাই, প্রথম খবরটি নিয়ে সবাই আতঙ্কিত হয়, আর দ্বিতীয়টি শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে।

কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে স্বস্তির নিঃশ্বাস খুব বেশি সময় ধরে রাখা যায় না। আজ প্রশ্ন পরমাণু বোমা নিয়ে, কাল তেল নিয়ে, পরশু নিষেধাজ্ঞা নিয়ে। ফলে পৃথিবীর দর্শকদের এখন শুধু অপেক্ষা করতে হবে, পরবর্তী পর্বে ট্রাম্প কী নতুন খবর দেন, আর সেই খবরের খবর ইরান নিজে কখন পায়!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments