নিজস্ব প্রতিনিধি:
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।



