নিজস্ব প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং বর্তমানে তার বহুমাত্রিক চিকিৎসা চলছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



