Homeজাতীয়সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ জামায়াত নেতাদের বিরুদ্ধে

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ জামায়াত নেতাদের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার পর প্রায় চার ঘণ্টা অপেক্ষা শেষে জেলা পুলিশ লাইন্সের ভেতরে তাঁকে গোপনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

মানিক পশারীর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম বাদী ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মানিক পশারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর মেয়ের জামাইয়ের কাছে থাকতেন। গত দুই মাস ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার জন্য তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। এ সময় স্থানীয় জামায়াত নেতারা এতে আপত্তি জানান বলে অভিযোগ রয়েছে। এতে সেখানে দীর্ঘ সময় ধরে জটিলতা তৈরি হয়।

মানিক পশারীর মেয়ের জামাই ফারুক হোসেন অভিযোগ করে বলেন, তাঁরা দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে তাঁদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময় মরদেহটি বরফ ছাড়াই একটি সাধারণ অ্যাম্বুলেন্সে চার থেকে পাঁচ ঘণ্টা রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়। দাফনের বিষয়ে ইউএনও দায়িত্ব নেননি বলেও অভিযোগ করেন তিনি।

তবে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বলেন, তাঁকে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মানিক পশারী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামও গার্ড অব অনার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কবরের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments