আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই ওয়াশিংটনের। রোববার মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি কি তা আপনাদের বলব? তবে উত্তর হলো, না। কোনো হামলা চালানো হবে না।” সূত্র: আনাদোলু এজেন্সি, ফক্স নিউজ
এর আগে রোববার দিনের শুরুতে ইরানকে কঠোর বার্তা দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কি তাদের সঙ্গে কোনো চুক্তি করব, নাকি তাদের পুরোপুরি নির্মূল করব? একমাত্র প্রশ্ন এটাই।” তাঁর এই বক্তব্যে ওই দিনই ইরানে হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়।
পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণের দাবি করে ট্রাম্প বলেন, “মনে রাখবেন, হরমুজ প্রণালী এখন আমাদের নিয়ন্ত্রণে। তারা কিছুই পাচ্ছে না। হ্যাঁ, সব আমাদের নিয়ন্ত্রণে।”
এর আগে শনিবারও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটন চাইলে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালাতে পারে অথবা তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারে। তবে ইরান সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আপাতত অনিশ্চয়তা কিছুটা কমেছে। তবে পরিস্থিতি কী দিকে এগোবে, তা এখনো স্পষ্ট নয়।



