নিজস্ব প্রতিনিধি:
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিস্থিতি উসকে দিয়ে একটি স্বার্থান্বেষী মহল দেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন বলেও তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হলেও চলমান অস্থিরতায় তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে গভীর কোনো ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।



