নিজস্ব প্রতিনিধি:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার। এরপর নারীকণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলা। এভাবেই ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তোফায়েল আলম টিটু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
রোববার রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এমএন মোর্শেদ।
পিবিআই জানায়, কেরানীগঞ্জের বাসিন্দা শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পরে টিটু নিজেকে নারী সেনা সদস্য পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে পিবিআইয়ের দাবি।
একপর্যায়ে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। এ ঘটনায় তদন্তের পর টিটুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।


