Homeখেলা‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’, রোনালদোর মায়ের বিস্ফোরক মন্তব্য

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’, রোনালদোর মায়ের বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর পর্তুগাল জাতীয় দলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তার মা দোলোরেস আভেইরো। ছেলের বিদায়কে যথাযথ সম্মান জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের পরাজয়ে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন রোনালদোর মা।

সোমবার লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পর্তুগাল দল ও রোনালদোর সাবেক সতীর্থদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দোলোরেস।

গত ৫ নভেম্বর ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে ছেলের বিদায়ের ধরন নিয়ে সন্তুষ্ট নন তার মা।

দোলোরেস বলেন, ‘রোনালদো দুঃখ পেয়েছে। সে আশা করেছিল, সবকিছু অন্য রকম হবে। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও দুঃখিত।’

শুধু তাই নয়, ডেনমার্কের কাছে পর্তুগালের বড় ব্যবধানে হারের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরও কঠোর মন্তব্য করেন তিনি।

রোনালদোর মা বলেন, ‘তারা হেরেছে, এই হার তাদের পাওনা ছিল। আমি খুশি হয়েছি।’

ছেলের সাবেক সতীর্থদের বিরুদ্ধেও অসম্মান করার অভিযোগ তুলেছেন দোলোরেস। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলার বরাতে জানা গেছে, রোনালদো সতীর্থদের কাছ থেকেও প্রত্যাশিত সম্মান পাননি বলে মনে করেন তিনি।

দোলোরেসের ভাষায়, ‘তাদের কেউই নয়। এটাই আমার অনুভূতি। তাকে সম্মান করা হয়নি। এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান করেনি।’

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় উপলক্ষে ব্রাগায় বিশেষ আয়োজন করেছিল পর্তুগাল ফুটবল দল। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে খেলোয়াড়দের জার্সিতে রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বরের ছবি প্রদর্শন করা হয়। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকরাও করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। স্টেডিয়ামে প্রচার করা হয় বিদায়ী শুভেচ্ছাবার্তাও।

তবে ওই আয়োজনে উপস্থিত ছিলেন না রোনালদো। বিষয়টি নিয়েই আপত্তি দোলোরেসের।

তিনি বলেন, ‘ব্রাগায় তারা যে সম্মাননা দিয়েছে, সেটা আমার ভালো লাগেনি। তাকে উপস্থিত রেখেই সম্মান জানানো উচিত ছিল।’

রোনালদোর ক্যারিয়ারের সূতিকাগার স্পোর্টিং সিপি। এই ক্লাবের কাছ থেকেই ছেলের জন্য আরও অর্থবহ সম্মাননা প্রত্যাশা করছেন দোলোরেস। তার বিশ্বাস, স্পোর্টিং যথাযথভাবে রোনালদোর অবদানকে মূল্যায়ন করবে।

স্পোর্টিংয়ের স্টেডিয়ামে দোলোরেসের সম্মানে একটি ডে-সেন্টারের নাম পরিবর্তনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিকে রোনালদোর মায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন তিনি।

পর্তুগিজ সম্প্রচারমাধ্যম আরটিপির বরাতে জানা গেছে, জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাবও দিতে হবে?’

তবে দোলোরেসকে অসম্মান করতে চাননি এই অভিজ্ঞ কোচ। বরং ছেলের পক্ষে মায়ের অবস্থান নেওয়াকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।

জেসুস বলেন, ‘একজন মা তো দিনশেষে মা-ই।’

স্পোর্ট টিভিকে দেওয়া বক্তব্যে দোলোরেসের পারিবারিক সংগ্রামের কথাও স্মরণ করেন পর্তুগালের কোচ। সন্তানদের বড় করতে তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমালোচনা থাকলেও দোলোরেসের প্রতি তার শ্রদ্ধা রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর পর্তুগালের হয়ে এটিই ছিল প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে দলটি। ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ফুটবলে এটি পর্তুগালের অন্যতম বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন রোনালদো। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পর্তুগালের জার্সিতে ১৪৬ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments