Homeবিবিধটপ ফাইভসাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

লাইফস্টাইল ডেস্ক:

নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি কিংবা চোখ দিয়ে পানি ঝরার মতো সমস্যায় অনেকেই সাধারণ সর্দি ভেবে ওষুধ সেবন করেন। কিন্তু এসব উপসর্গের কারণ সব সময় ভাইরাসজনিত সংক্রমণ নয়। অনেক ক্ষেত্রে এগুলো অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে।

সাধারণ সর্দি ও অ্যালার্জির উপসর্গে কিছু মিল থাকলেও এদের কারণ, স্থায়িত্ব এবং আনুষঙ্গিক লক্ষণের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো জানা থাকলে অপ্রয়োজনীয় ওষুধ সেবন এড়ানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া সহজ হয়।

১. উপসর্গের কারণ ও স্থায়িত্ব

সাধারণ সর্দি হলো ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ। ২০০টিরও বেশি ধরনের ভাইরাস এ সংক্রমণের কারণ হতে পারে। সাধারণত প্রথম দুই থেকে তিন দিন উপসর্গ বেশি থাকে। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। অধিকাংশ ক্ষেত্রে সর্দি সাত থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়।

অন্যদিকে, অ্যালার্জি হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ক্ষতিকর নয়—এমন কোনো উপাদানের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। ধুলার মাইট, পরাগরেণু, ছত্রাক এবং পোষা প্রাণীর ত্বকের ক্ষুদ্র কণা অ্যালার্জির সাধারণ কারণ। এসব উপাদানের সংস্পর্শে থাকা পর্যন্ত অ্যালার্জির উপসর্গ চলতে পারে। অ্যালার্জির ধরন অনুযায়ী উপসর্গ মৌসুমি কিংবা সারা বছর থাকতে পারে।

২. বারবার হাঁচি ও নাকে চুলকানি

সাধারণ সর্দি ও অ্যালার্জি—দুই ক্ষেত্রেই হাঁচি হতে পারে। তবে অ্যালার্জির ক্ষেত্রে সাধারণত একটানা বা বারবার হাঁচি হয়। বিশেষ করে ধুলাবালি, পরাগরেণু কিংবা পোষা প্রাণীর সংস্পর্শে এলে এ সমস্যা বাড়তে পারে।

নাক, গলা ও চোখে চুলকানিও অ্যালার্জির গুরুত্বপূর্ণ লক্ষণ। অন্যদিকে, সাধারণ সর্দির ক্ষেত্রে গলাব্যথা, কাশি ও ক্লান্তির মতো উপসর্গ বেশি দেখা যেতে পারে।

৩. নাকের নিঃসরণের ধরন

নাক দিয়ে স্বচ্ছ ও পানির মতো তরল ঝরার সঙ্গে যদি চুলকানি ও বারবার হাঁচি থাকে, তবে তা অ্যালার্জির লক্ষণ হতে পারে। অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে থাকা পর্যন্ত এ সমস্যা চলতে পারে।

সাধারণ সর্দিতেও নাক দিয়ে পানি পড়ে। তবে সংক্রমণের অগ্রগতির সঙ্গে নাক বন্ধ হয়ে যেতে পারে এবং শ্লেষ্মার ঘনত্ব ও রং পরিবর্তিত হতে পারে। তাই শুধু নাকের নিঃসরণের ধরন দেখে অ্যালার্জি বা সর্দি নিশ্চিত করা যায় না।

৪. জ্বর, শরীর ব্যথা ও চোখের উপসর্গ

অ্যালার্জির কারণে সাধারণত জ্বর বা শরীর ব্যথা হয় না। এসব উপসর্গ ভাইরাসজনিত সংক্রমণের সঙ্গে বেশি সম্পর্কিত।

অন্যদিকে, নাকে চুলকানি ও বারবার হাঁচির পাশাপাশি চোখ লাল হওয়া এবং পানি পড়া অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ হতে পারে। ঘর পরিষ্কারের সময়, ধুলাবালিযুক্ত স্থানে গেলে, পোষা প্রাণীর সংস্পর্শে এলে কিংবা নির্দিষ্ট ঋতুতে একই ধরনের উপসর্গ বারবার দেখা দিলে পরিবেশগত অ্যালার্জির সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে।

৫. উপসর্গ কখন ও কত দিন থাকে

সাধারণ সর্দির উপসর্গ কয়েক দিন পর ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে নির্দিষ্ট পরিবেশ বা উপাদানের সংস্পর্শে এলে উপসর্গ ফিরে আসতে পারে। যেমন, ঘর পরিষ্কার করার সময় বা ধুলাবালিযুক্ত জায়গায় গেলেই হাঁচি ও নাক দিয়ে পানি পড়া শুরু হওয়া অ্যালার্জির ইঙ্গিত দিতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

বারবার হাঁচি, নাক বন্ধ থাকা বা চোখ দিয়ে পানি পড়ার সমস্যা ঘুম ও দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উপসর্গ দুই সপ্তাহেও না কমলে কিংবা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। শ্বাসকষ্ট, পানিশূন্যতা বা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলেও চিকিৎসা নেওয়া জরুরি।

শুধু উপসর্গের ভিত্তিতে অ্যালার্জি নিশ্চিত করা যায় না। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করে চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

মনে রাখতে হবে, সাধারণ সর্দি ভাইরাসের কারণে হয়। তাই ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments