Homeবিবিধটপ ফাইভকায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

বিনোদন ডেস্ক:

মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম: ‘সাঁকোটা দুলছে’)। ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনার ছবিটি উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে এ স্বীকৃতি পেয়েছে।

গত ১১ থেকে ২০ নভেম্বর কায়রোতে অনুষ্ঠিত হয় এবারের উৎসব। ২০ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। চলচ্চিত্রটির প্রযোজক অভিনেতা মনোজ প্রামাণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে এই উৎসবের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রদর্শিত হয় ছবিটি। ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের প্রভাব তুলে ধরা হয়েছে। অন্ধ এক কিশোরীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে ব্যক্তিস্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন অনুসন্ধান করেছেন নির্মাতা।

এর আগে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ওই উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি। এ ছাড়া রাশিয়ার আমুর অটাম ও সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে এটি। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে ছবিটি।

৮০ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments