Homeআন্তর্জাতিকশিক্ষার অধিকার নিশ্চিতে বাংলাদেশের উদ্যোগ পর্যালোচনায় জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

শিক্ষার অধিকার নিশ্চিতে বাংলাদেশের উদ্যোগ পর্যালোচনায় জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

নিউজ ডেস্ক:

শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শাহীদ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশের শিক্ষা খাতের অগ্রগতি, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন।

সোমবার (২৩ নভেম্বর) সফরের প্রথম দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ফরিদা শাহীদকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

এ সময় মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করা হয়।

পাশাপাশি দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের পরিকল্পনা ও চলমান কর্মসূচির বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, বিশেষ র‍্যাপোর্টিয়ারের এই সফরের মাধ্যমে শিক্ষার অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর শেষে তাঁর পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের শিক্ষা খাতের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমে সহায়ক হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ছাড়া সফরকালে ফরিদা শাহীদকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষা খাতে গৃহীত উদ্যোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টিয়ার। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থবহ আলোচনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে এটিই ফরিদা শাহীদের প্রথম বাংলাদেশ সফর। ২৩ নভেম্বর শুরু হওয়া তাঁর এ সফর চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

সফরকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা খাতের অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments