নিজস্ব প্রতিনিধি:
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। হামলার পর সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির আরও বলেন, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
পরে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সালমান মুক্তাদির বলেন, হামলাকারীরা হয়তো জানত না যে জায়গাটি তার। তার দাবি, স্টুডিওর জায়গার মালিকের সঙ্গে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে হামলাকারীদের কোনো বিরোধ হয়ে থাকতে পারে। সেই বিরোধের জেরেই সম্পত্তিতে হামলা চালানোর সময় তার স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’
এ ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন তিনি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং জড়িতদের পরিচয়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।


