Homeজাতীয়আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে ৬০ পুলিশ মোতায়েন

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে ৬০ পুলিশ মোতায়েন

ঢাবি প্রতিনিধি

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের জলকামানও প্রস্তুত রাখা হয়।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এ সময় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।

তিনি বলেন, ‘কোনো অঘটন যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে রয়েছে।’

ওসি আরও বলেন, বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা পৃথক পৃথক স্থানে অবস্থান করছেন।

সংঘর্ষের পর সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments