Homeজাতীয়ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

ডিসেম্বর মাসে কোনো ‘অপশক্তি’ দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের কার্যক্রম এবং সম্ভাব্য অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীটির দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর। গণপূর্ত মন্ত্রণালয় থেকে সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪৫ একর, অর্থাৎ প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আনসার-ভিডিপির মতো বড় একটি বাহিনীর জন্য বর্তমান খিলগাঁওয়ের জায়গা পর্যাপ্ত নয়। নতুন সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য ডরমেটরি এবং আবাসনের জন্য ব্যারাকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আনসার ব্যাটালিয়নের সদস্য প্রায় ২০ হাজার এবং অঙ্গীভূত আনসারের সংখ্যা প্রায় ৬০ হাজার। এর বাইরে ৩৫ হাজার দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত ভিডিপি সদস্য রয়েছে।

তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনা ও মন্ত্রণালয় এবং অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করেন। তবে তাদের আবাসনসংকট রয়েছে। নতুন সদর দপ্তরে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীটির ভূমিকা আরও জোরদার করা হবে। সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে আনসার ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীও থাকবে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দায়িত্বে অবহেলার বিষয় সামনে এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার ঘটনায় কোথাও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments