Homeআন্তর্জাতিকমেলবোর্নের মঞ্চে নজরুলের ‘ঝিলিমিলি’ ও ‘কাবেরী তীরে’

মেলবোর্নের মঞ্চে নজরুলের ‘ঝিলিমিলি’ ও ‘কাবেরী তীরে’

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঞ্চস্থ হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি উল্লেখযোগ্য সৃষ্টি। কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’ শিরোনামে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিকা ‘ঝিলিমিলি’ ও গীতি-নাট্য ‘কাবেরী তীরে’ পরিবেশন করবেন বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীরা।

আগামী ৪ অক্টোবর মেলবোর্নের ড্যানডেনংয়ের ড্রাম থিয়েটারে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে আয়োজন।

নাটক, গান ও নৃত্যের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানে নজরুলের মানবতা, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির ভাবনা তুলে ধরা হবে। শুরুতে থাকবে ‘সুর ও বাণীর অর্ঘ্য’ শিরোনামে নজরুলের কবিতা ও গান নিয়ে বিশেষ পরিবেশনা। এরপর মঞ্চস্থ হবে ‘ঝিলিমিলি’ ও ‘কাবেরী তীরে’।

আয়োজকদের ভাষ্য, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নজরুলের এই দুটি সৃষ্টি একই মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে। সমসাময়িক মঞ্চায়নের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্য তুলে ধরাই আয়োজনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন মেলবোর্নপ্রবাসী নজরুলসংগীতশিল্পী ও নজরুলচর্চাকর্মী আদিলা নূর। নাট্য নির্দেশনায় থাকবেন নাট্যব্যক্তিত্ব বৃন্দাবন দাশ। সংগীত পরিচালনাও করবেন আদিলা নূর। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফিতে থাকবেন মেলবোর্নপ্রবাসী পূরবী চৌধুরী।

অনুষ্ঠানকে ঘিরে প্রকাশিত হবে একটি স্মারক প্রকাশনা। এতে বাংলাদেশের নজরুল গবেষক, শিল্পী ও সংস্কৃতিজনদের লেখা থাকছে। তাঁদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী ও শিক্ষক খায়রুল আনাম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াঙ্কা গোপ, সংগীতশিল্পী ও শিক্ষক ড. লীনা তাপসী খান, অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন, শিক্ষাবিদ ও রবীন্দ্রসংগীতশিল্পী ড. চঞ্চল খান এবং ছায়ানটের সংগীতশিল্পী ও শিক্ষক শারমিন সাথী ময়না।

অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে মূল বক্তব্য দেবেন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন।

আয়োজকদের মতে, নজরুলকে স্মরণ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা সংস্কৃতির সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করাও এ আয়োজনের লক্ষ্য। সাহিত্য, নাটক, গান ও নৃত্যের মাধ্যমে নজরুলের মানবিক ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে অনুষ্ঠানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments