নিজস্ব প্রতিনিধি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনাটি ভারী যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর সেখানে একটি সমিতির নামে সাইনবোর্ডও টাঙানো হয়।
ঘটনার সঙ্গে মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে পুলিশ ও সরকারের পক্ষ থেকেও তদন্তের কথা জানানো হয়েছিল। মিষ্টি অবশ্য শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।


