নিজস্ব প্রতিনিধি:
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস শেষে দেশে ফেরার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও এক কোচ। আকস্মিক বন্যার কারণে থাই এয়ারওয়েজের ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
আটকে পড়া দলের সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।
অন্যদিকে, ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় কোনো ধরনের জটিলতা ছাড়াই দেশে ফিরতে পেরেছেন বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়।
জানা গেছে, আকস্মিক বন্যার কারণে থাই এয়ারওয়েজের যাত্রীরাই তুলনামূলক বেশি ভোগান্তিতে পড়েছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।
এ অবস্থায় দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ দলের সদস্যদের। এতে তাদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আটকে পড়া খেলোয়াড় ও কোচকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাদের অন্য কোনো ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার জন্য সংস্থাটির পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।
