Homeরাজনীতিজাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি সৃষ্টি এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার রাতে ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুদ খান জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে ২৭ জনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫), আবদুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লার সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

এর আগে শনিবার দুপুরের পর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন, এমন অভিযোগ তুলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানা পুলিশ জাসদ কার্যালয়ে অভিযান চালায় এবং ভেতরে থাকা ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়। কয়েক দফায় প্রিজন ভ্যান এনে তাঁদের থানায় নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, জাসদ নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন, এমন তথ্য পুলিশের কাছে ছিল। ওই সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে আটক করা হয়েছিল বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments