নিজস্ব প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সাংবাদিকরা হলেন প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স কনট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গুরুতর আহত জহিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সিয়ামের ভাই মো. সিফাত হোসেন গাজী অভিযুক্তদের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। ওই সময় কয়েকজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন। অভিযোগ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজুর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিক সিয়াম ও তোফায়েল আহমেদের মাথায় আঘাত করেন। এ সময় জহিরুল ইসলামকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, “রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করেন। এতে আমিসহ তিনজন আহত হই। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

