নিজস্ব প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ কথা জানান তিনি।
সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, “এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছে। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।”
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এদিকে নিয়োগবঞ্চিত প্রার্থীদের একটি প্রতিনিধিদল এর আগে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে। তবে কাঙ্ক্ষিত সাক্ষাৎ না পেয়ে তারা শাহবাগে ফিরে আন্দোলন কর্মসূচিতে যোগ দেন।
সোমবারের সভায় প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ৮১৭ জনের নিয়োগ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
বিস্তারিত আসছে…
