নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই অনলাইনে অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসা ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ে শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের কার্যক্রমকে বেআইনি ঘোষণা করে সম্প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়া এসব প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট ব্যবস্থা পরিচালনা কিংবা কোনো ধরনের পেমেন্ট সেবা দিতে পারবে না।
আইন অমান্য করলে একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।
সাধারণ মানুষ যাতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে আইনি জটিলতা কিংবা আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে জন্য সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে লাইসেন্সবিহীন এসব পেমেন্ট গেটওয়ে ব্যবহার না করা এবং এগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন বা কার্যক্রমে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে অবৈধ ও লাইসেন্সবিহীন হিসেবে শনাক্ত হওয়া ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম হলো, BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।।
