Homeবিবিধঅপরাধজমিতে ময়লা ফেলা নিয়ে বিরোধ, ভাইদের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

জমিতে ময়লা ফেলা নিয়ে বিরোধ, ভাইদের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ধানের জমিতে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে ভাইদের মধ্যে মারামারিতে মুকুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরশহরের কৃষ্ণ চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুল ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুলের ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে তার বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টারের (৪৫) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে গড়ায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ সময় মুকুলকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরে তার স্ত্রী মাহমুদা ও স্থানীয়রা মুকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভাইদের মধ্যে মারামারির ঘটনায় মুকুল হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments