নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একটি দুর্বৃত্ত চক্র অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে। এ পরিস্থিতিতে তাঁর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে অর্থ চাওয়া হলে বা আর্থিক লেনদেনের কোনো অনুরোধ এলে তা যাচাই না করে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
তবে কীভাবে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, কারা এর সঙ্গে জড়িত কিংবা অ্যাকাউন্টটি উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।



