Homeবিনোদন‘কিং’ সিনেমার গানে শাহরুখের সঙ্গে ফিরছেন দীপিকা

‘কিং’ সিনেমার গানে শাহরুখের সঙ্গে ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘কিং’-এর একটি গানে একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে গানটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকতে পারেন বৈভবী মার্চেন্ট। তবে গানটির নাম, সুরকার কিংবা নাচের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

শাহরুখ ও দীপিকার পর্দার রসায়ন বলিউডে বেশ পরিচিত। ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেন তাঁরা। এই ছবির মধ্য দিয়েই হিন্দি সিনেমায় অভিষেক হয় দীপিকার।

এরপর ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আবারও জুটি বাঁধেন তাঁরা। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। ‘জওয়ান’-এ বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা।

‘কিং’ সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন শাহরুখ খান। ছবিটির মাধ্যমে তাঁর মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়া। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখ-দীপিকার নতুন গানের খবর ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে গানটির বিস্তারিত ও দুই তারকার উপস্থিতি নিয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments