Homeবিবিধঅপরাধরাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলম

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্তের পর আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সরকারি তথ্য ফাঁসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে তাকে গ্রেফতার করেন। একই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।

এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাঙ্গীর আলমকে ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments