Homeজাতীয়মোকামতলা থানা হলে দেশে থানার সংখ্যা দাঁড়াবে ৬৫৪

মোকামতলা থানা হলে দেশে থানার সংখ্যা দাঁড়াবে ৬৫৪

শিবগঞ্জ থানা বিভক্তের প্রস্তাবে প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা নামে নতুন থানা স্থাপনের প্রস্তাব সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশে থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৫৪টিতে।

গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত জুলাইয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।

বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাই শেষে চারটি প্রস্তাব সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

সুপারিশের সিদ্ধান্ত হওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।

মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব বাস্তবায়িত হলে শিবগঞ্জ এলাকার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন একটি থানা যুক্ত হবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বৈঠকের তথ্যসূত্রে বিস্তারিত জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments