আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরাইলের জন্য নতুন অস্তিত্বগত হুমকি উল্লেখ করে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। ওই আলোচনা জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁকে আরও দৃঢ় করেছে।
নেতানিয়াহুর দাবি, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে ইসরাইলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তাঁর অভিযোগ, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসনব্যবস্থা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও পিছপা হবে না।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও মিত্ররা পার্লামেন্ট নেসেটে ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি ও তাদের মিত্রদের আসন ৪৮টি। আরব জোট পেয়েছে ১৯টি আসন।
এই রাজনৈতিক সমীকরণে আরব জোটের সঙ্গে সমঝোতা করে আইজেনকোট সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন বলে উদ্বেগ জানিয়েছেন নেতানিয়াহু। এমন সরকারকে তিনি ‘ভঙ্গুর ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। শনিবার আরব জোটের সদস্যদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলেও আখ্যা দেন তিনি। এর আগে জোটটির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছিলেন।
নেতানিয়াহুর মতে, সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার কিংবা আরব জোটের সমর্থনের ওপর নির্ভরশীল প্রশাসনের পক্ষে ইরানের হুমকি মোকাবিলা করা কঠিন হবে। এ কারণে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন। তাঁর দাবি, এমন সরকার গঠন করা গেলে ইরানের হুমকি মোকাবিলা এবং আগামী বহু বছরের জন্য ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।



