Homeআন্তর্জাতিকঅন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

বাংলাদেশি হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ ও সহযোগিতা বাড়াতে জেদ্দায় উচ্চপর্যায়ের বৈঠক

জেদ্দা প্রতিনিধি:

অন্য দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও গভীর হবে।

জবাবে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল অন্য দেশগুলোর অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার সম্ভাবনা। কোনো দেশ বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার না করলে সেই কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানান সৌদি মন্ত্রী। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

বৈঠকটি দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments