Homeঅর্থনীতিজানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর চান বাণিজ্যমন্ত্রী

জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর চান বাণিজ্যমন্ত্রী

পরিবহন খরচসহ কেজিপ্রতি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব আলজেরীয় প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিনিধি:

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাশ্রয়ী দামে খেজুর সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে এবং বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতোমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।

বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়া আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments