নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বাবুবাজারে অনুমোদনহীন দেশি-বিদেশি ওষুধ বিক্রি ও মজুতের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় প্রায় ১০ লাখ টাকা বাজারমূল্যের নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এ তথ্য জানান।
এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও এসআরবি-১০-এর সদস্যরা সহযোগিতা করেন।
তপন সরকার জানান, অভিযানে ওষুধের গায়ে মুদ্রিত মূল্যের ওপর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানো, সরকারি হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ওষুধ অবৈধভাবে বিক্রি, বৈধ ড্রাগ লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি ও মজুতের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে সোলেমান মৃধাকে ৩০ হাজার, রিপন নন্দীকে এক লাখ, আবুল হোসেনকে এক লাখ, হরিভ সন্নাহকে ৮০ হাজার এবং মিটন নন্দীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে চার বস্তা ও তিন কার্টন অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। পরে বিধি অনুযায়ী অগ্নিসংযোগের মাধ্যমে ওষুধগুলো ধ্বংস করা হয়।
এসআরবি জানিয়েছে, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি ও মজুদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



