Homeজাতীয়রাজধানীতে নিরাপত্তা জোরদার, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে নিরাপত্তা জোরদার, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতারে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

নিয়াজ মেহেদী বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments