Homeবিবিধআইন আদালতমানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলেছিলেন জিয়াউল আহসান: অ্যাটর্নি জেনারেল

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলেছিলেন জিয়াউল আহসান: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মানুষের জীবন-মৃত্যুকে তিনি খেলার বিষয় হিসেবে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ যুক্তিতর্ক শুনছেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গুম ও খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। এ কারণে এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি।

রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, এই বিচার নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের বেদনাও দূর করতে পারবে না। তারপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ বিচার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের জন্য একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হবে।

যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্যরা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments